প্রেস বিজ্ঞপ্তি: কৃষিভিত্তিক বাংলায় নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে আমাদের হাজার বছরের ইতিহাস। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব।নতুন ফসল ঘরে তোলাকে ঘিরে এই ‘নবান্ন’ শব্দটির মধ্যেই আছে নতুন অন্নের ঘ্রাণ। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।
একসময় নবান্ন উৎসব ছিল গ্রামীণ জীবনের একটি অভিন্ন অংশ। তবে আধুনিকতার বিষাক্ত ছোবলে দিনদিন তা কমে যাচ্ছে। অনেকটা বিলুপ্তির পথে বাংলা সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ উৎসবটি যাতে হারিয়ে না যায় সে লক্ষে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব দেশের গন্ডি পেরিয়ে এই প্রথম প্রবাসে উৎসবমুখর পরিবেশে পালনের উদ্যোগ নিয়েছে গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকে।
এ উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর ২০২১, সোমবার ইস্ট লন্ডনের Ensing Youth Club এ দিনব্যাপী চলবে নানা অনুষ্ঠানমালা। প্রদর্শন করা হবে নবান্ন উৎসব উপলক্ষ্যে বিভিন্ন রকমের পিঠা। মুড়কি-মোয়া খাওয়া আর নাচ-গানের সাথে আরো থাকবে ছোটদের অনুষ্ঠান, গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের গৌরবের ১৬ বছর পূর্তি ও সংগঠনের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান।
গেটের খুলনা এসোসিয়েশন ইউকের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী এস এম সিপার বলেন আত্মকেন্দ্রিক মনোভাব, নগরমুখিতা আর ভিনদেশি সংস্কৃতিতে ঝুঁকে পড়ার কারণে নবান্নের মাধুর্য হারাতে বসেছে। গ্রামীন এই উৎসবটির পরিধি বিস্তারের জন্য এই প্রথম আমরা দেশের বাইরে নবান্ন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, গ্রেটার খুলনা এসোসিয়েশন ইউকের ১৫ বছর পূর্তি বিশাল আকারে পালন করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। আগামী ২০ ডিসেম্বরের অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান সিপার।
দেশের নাট্যজগতের সনামধন্য অভিনেতা স্বাধীন খসরু ও লিয়ানা স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ইউরোপের রক সম্রাট রাজ হাসান, বিলেতের গানের পাখি মঞ্জুরী মন্ডল, বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সিমি সিফাত সহ আরো অনেকে।