প্রবাস মেলা ডেস্ক: মুরাদ হাসানের সঙ্গে মাহির ফোনালাপ ফাঁসের ঘটনায় তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চিত্রনায়ক ইমনকে। ডিবির পর র্যাব সদর দপ্তরেও গিয়েছেন চিত্রনায়ক ইমন। ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বলেন, ফাঁস হওয়া অডিও তদন্ত করতেই তাকে ডাকা হয়েছিল। ইমন বলেছে তার মাধ্যমে অডিও ফাঁস হয়নি। ২০২০ এর ফেব্রুয়ারিতে এই ফোন আলাপ হয়। তবে অন্য কারো মাধ্যমে ফাঁস হয়ে থাকলে সেটা র্যাবকে সে জানাবে।
তিনি আরো বলেন, ইমনকে জিজ্ঞাসাবাদে তেমন কোনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। অন্যান্য বিষয়ে আলাপ হয়েছে সেটা পরবর্তীতে জানানো যাবে। মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এই প্রশ্নে র্যাব জানিয়েছে, যেহেতু অডিও ফাঁস একটি অপরাধ তাই তদন্তের স্বার্থে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাকেই ডাকা হবে। এদিকে র্যাব কার্যালয় থেকে বের হয়ে চিত্রনায়ক ইমন সংবাদমাধ্যমকে বলেন, মাহিকে সেফ করার জন্যই আমি সাবেক তথ্য প্রতিমন্ত্রীকে সামাল দেয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ বিষয়টি আমি তাদের বলেছি। আমার ফোন তারা যাচাই বাঁচাই করেছে। আমার কথা শুনে সন্তুষ্ট হয়েছে।
সহ শিল্পীর এমন ঘটনার প্রতিক্রিয়ার প্রশ্নে ইমন জানান, একজন মন্ত্রীর কাছ থেকে এমন ঘটনা কাম্য নয়। প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এর আগে ৬ ডিসেম্বর ২০২১, সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইমনকে। প্রায় ৩০ মিনিট ডিবি কর্মকর্তাদের সঙ্গে কথা হয় ইমনের। প্রাথমিকভাবে তার কোনো খারাপ উদ্দেশ্য পাওয়া যায়নি। রাত ১০টা ৩০ মিনিটের দিকে ডিবি কার্যালয় ত্যাগ করেন এ অভিনেতা। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।
ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে ইমন সময় সংবাদকে বলেন, আমি নিজে থেকেই ডিবি অফিসে গিয়েছিলাম। যেহেতু আমার অডিও সেই সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটল। সাইবার সিকিউরিটির তো একটা ব্যাপার আছে। আমার ফেসবুক হ্যাকের ঝামেলা থাকতে পারে। তাই আমি তাদের বললাম, যদি কোনো ঝামেলা হয়, তাহলে আমাকে একটু হেল্প করবেন।
ভাইরাল সেই ফোনালাপ প্রসঙ্গে মুখ খুলেছিলেন চিত্রনায়ক ইমন। অডিওটি সঠিক বলে সময় সংবাদকে ভার্চুয়াল কলে নিশ্চিত করেছেন। ইমন বলেন, যা শুনেছেন তাই। এটি আসলে বছরখানেক আগের ঘটনা। একটি সিনেমার মহরত অনুষ্ঠানের আগের রাতে প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। বাকিটা তো আপনারা শুনেছেনই।