প্রবাস মেলা ডেস্ক: কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা একটি সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে মারা গেছে কমপক্ষে ২৩ জন। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো।
৪ ডিসেম্বর ২০২১, শনিবার রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে কিতুই কাউন্টির এনজিউ নদীতে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বাসটি থেকে চার শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৫ ডিসেম্বর ২০২১, রবিবার সকালে নিখোঁজদের উদ্ধারে আবারো অভিযান শুরু করা হয়েছে। কেনিয়া রেডক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি বাসটিতে কতজন যাত্রী ছিলেন।
বাসটির হতাহতদের সবাই কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। শনিবার সকালে তাদের এক পুরুষ সহকর্মীর বিয়েতে অংশ নিতে বাসে করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। পরে সকাল ১১টার দিকে কিতুই শহরের পাশে একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়। বন্যার পানির কারণে নদীতে স্রোত বেশি ছিলো এবং এতেই এই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে থাকা সেতুটি দ্রুত পেরোনোর চেষ্টা করেন চালক। কিন্তু স্রোত ছিল খুব শক্তিশালী। এতে বাসটি সেতু থেকে উল্টে নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক জানিয়েছেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। কেনিয়ার বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হচ্ছে এখন। তাই চালকদের সতর্ক থাকতে বলেছেন তিনি।