প্রবাস মেলা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকি রয়েছেন ৬০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠী। তাই তাদেরকে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, করোনা প্রতিরোধে দুই ডোজের টিকা নিয়েছেন এমন অনেকেরই ছয় মাস পেরিয়েছে, যাদের শরীরের অ্যান্টিবডি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বিশ্বব্যাপী করোনার নতুন নতুন ধরনও দেশে সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি করেছে। এই অবস্থায় বয়স্ক ও কোমরবিডিটিতে আক্রান্ত রোগীদের সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ প্রয়োগে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
জাহিদ মালেক বলেন, নো মাস্ক নো সার্ভিস নয় এখন সরকার বলতে চায়, নো ভ্যাকসিন নো সার্ভিস। এছাড়া স্কুল-কলেজ যে অবস্থায় আছে সেভাবেই থাকবে। আর যেন সময় বা ক্লাসের দিন বাড়ানো না হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আফ্রিকা থেকে কেউ যাতে না আসেন সেটি চায় সরকার, যদি কেউ আসেন তাহলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে।
বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকায় প্রথম মিউটেশন হলেও করোনা ভাইরাসের এ ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপ আমেরিকায়। এরই মধ্যে এশিয়াও বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে এ প্রকৃতি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ওমিক্রনের প্রবেশ ঠেকাতে এরই মধ্যে নড়েচড়ে বসেছে দেশের স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সংবাদ সম্মলনে মন্ত্রী জানান, সবক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। বলেন, নো মাস্ক নো সার্ভিস নয় এখন সরকার বলতে চায়, নো ভ্যাকসিন নো সার্ভিস। ওমিক্রন ঠেকাতে সকলকে স্বাধ্যবিধি মানতে হবে গণজমায়েত না করতে অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন, তবে দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলেঢালাভাব চলে এসেছে তা নিয়ন্ত্রণে কঠোর হওয়া হবে।