প্রবাস মেলা ডেস্ক: এক বছরেরও বেশি সময় আগে কাতারের রাজধানী দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশির অভিযোগে কাতারের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অস্ট্রেলিয়ার ১৩ জন নারী। খবর বিবিসি অনলাইনের।
২০২০ সালের ২ অক্টোবর কাতারের দোহা বিমানবন্দরের একটি আবর্জনার বিনে প্লাস্টিকে মোড়ানো এক নবজাতক উদ্ধার হয়। কাতারের রাষ্ট্রীয় বিমান পরিষেবা সংস্থা কাতার এয়ারওয়েজে আসা কোনো নারী যাত্রী জন্ম দেওয়ার পর শিশুটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছেন- এমন সন্দেহ হয় দোহার বিমানবন্দর কর্তৃপক্ষের।
সন্দেহ নিরসনে শারীরিক পরীক্ষার জন্য কাতার এয়ারওয়েজের একটি বিমানের ১৮ জন নারী যাত্রীকে উড়োজাহাজ থেকে নামতে বাধ্য করা হয়। তাদের মধ্যে ২ জন ছিলেন ব্রিটিশ, বাকিরা সবাই অস্ট্রেলীয় নাগরিক। তারপর ওই নারী যাত্রীদের একটি অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরের এক পাশে নিয়ে যাওয়া হয় এবং নার্সের তত্ত্বাবধানে খোলা পরিবেশে তাদের কাপড় খুলে শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু না পাওয়ায় পরীক্ষা শেষে ছেড়ে ফের তাদের বিমানে নিয়ে আসা হয়। ৫ মিনিট ধরে চলেছিল সেই পরীক্ষা।
নিজেদের দেশে ফেরার পর ওই নারীরা অভিযোগ করেন, তল্লাশি বা শারীরিক পরীক্ষার আগে তাদেরকে ঘটনার ব্যাপারে কিছু জানানো হয়নি এবং সম্মতি না নিয়ে জোর করে তাদের সঙ্গে এই আচরণ করা হয়েছে।