প্রবাস মেলা ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ে করতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদান সম্পন্ন করেছেন। ১০ নভেম্বর ২০২১, বুধবার রাতে হবু স্বামীর সঙ্গে যৌথ ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ছয় বছর আগে আমার সব হাসির শুরু তোমার সঙ্গে। আজ খুবই বিশেষ দিন। আজ যা শুরু হলো তা চিরদিনের জন্য। নতুন এক অধ্যায়ের শুরু। অবশেষে আমরা আবদ্ধ।’ তবে স্ট্যাটাসে তিনি বরের নাম-পরিচয় দেননি।
এদিকে ঐদিন ছিলো তার জন্মদিন। কত বছরে পা রাখলেন? জবাবে মিম সংবাদমাধ্যমকে বলেন, ‘বয়স নিয়ে ভাবি না। বেঁচে থাকা সুন্দর। সেটাকে উপভোগ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীর দিনগুলো রঙিন করে রাখতে চাই।’
জন্মদিন পালন নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষদের নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটাই হয়েছে। তবে এবার জন্মদিনে সারপ্রাইজ আছে। যা আজ রাতে আমি সাবাইকে জানাবো।’
সারপ্রাইজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তো সারপ্রাইজ। সময়ের আগে বলা যাবে না। অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।’
শুধু তাই নয় তিনি আরও বলেন, আমার ছোট বোন আমাকে চাঁদে জমি কিনে আমাকে গিফট করেছে। আমার নামেই কিনেছে। রাত ১২টার সময় সেই কাগজ আমাকে দিয়েছে। ও ছোট মানুষ। ও যে এইটা করেছে, ওর মাথায় আসছে, কোথায় থেকে যে ওর মাথায় এই জিনিসটা আসল! এইটা আমার কাছে খুবই স্পেশাল।
অবেশেষে সেই রহস্য উন্মোচিত হলো। সবাইকে অবাক করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে জানালেন বাগদানের খবর।
২০০৭ সালে মিম ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারের শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
সেই ছবিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন জাহিদ হাসান, ফেরদৌস, মেহের আফরোজ শাওনের মতো তারকাদের। ছবিটি মিমের ক্যারিয়ারের উজ্জ্বল একটি সাফল্য হয়ে আছে।
এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততায় ১৪ বছরের ক্যারিয়ারে পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি ও সাফল্য। দেশের গণ্ডি পেরিয়ে মিম কাজ করেছেন ওপার বাংলার জিৎ, সোহমদের নায়িকা হয়েও।