প্রবাস মেলা ডেস্ক: তিনি হুমায়ূন আহমেদের তৈরি ‘কোথাও কেউ নেই’ নাটকের প্রধান চরিত্র। ১৯৯০ সালে এ নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এখনও তার নামটি শুনলে চরিত্রের নামটি প্রথমে আসে। বলছিলাম, সকলের প্রিয় বাকের ভাইয়ের কথা। আসল নাম আসাদুজ্জামান নূর। তিনি মুক্তিযোদ্ধা, কিংবদন্তি অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ। আজ তার জন্মদিন। ১৯৪৬ সালের আজকের এক দিনে (৩১ অক্টোবর) জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আবু নাজেম মোহাম্মদ আলী ও মাতা আমিনা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী।
এ কিংবদন্তির জন্মদিন উপলক্ষে জন্মোৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২১, রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। আয়োজনের নাম ‘তোমারই হোক জয়’।
অনুষ্ঠানটির আয়োজন করেছে ‘আসাদুজ্জামান নূর জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’। এতে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এছাড়াও আবৃত্তিকর্মী, নাট্যকর্মী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পীসহ সংস্কৃতির সব শাখার মানুষ অংশ নেবেন বলে জানান উদযাপন কমিটির অন্যতম সদস্য গোলাম কুদ্দুছ।
ছাত্রজীবন থেকে বাম রাজনীতির সঙ্গে জড়িত আসাদুজ্জামান নূর। ৬২’র আইয়ুব খান বিরোধী আন্দোলন, ৯০’র এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি সংস্কৃতিচর্চায় মন ছিল তার। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পান তুমুল জনপ্রিয়তা। অভিনয় করেছেন অনেকগুলো কালজয়ী চরিত্রে।
নীলফামারি-২ আসনের সাংসদ তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান নূর। ৭৫ তম জন্মদিনে শুভেচ্ছা রইল তার প্রতি।
প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন বাকের ভাই।