মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২১, সোমবার সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মক্কা অঞ্চলের মহাপরিচালক ফাহাদ বিন রাকওয়াছ এর সাথে জেদ্দা কনসুলেট কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে।
গুরুত্বপূর্ণ আলোচনায় স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় ফাইনাল এক্সিট ভিসা প্রাপ্তির জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষে দাখিলকৃত আবেদন দ্রত নিষ্পত্তির লক্ষে ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়াও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিদের সঙ্গে সৌদি সংশ্লিষ্ট দপ্তরের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে অবহিত করা হয়। পাশাপাশি শ্রম বিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে আদালতে শ্রম বিরোধ সংক্রান্ত পেন্ডিং মামলা সমূহের নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত দিক নিয়ে আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- সৌদি আরব মানবসম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ জালাল, শ্রম অফিস পরিচালক জামিল আল শরীফ, সুলতান আল বারাকাতি পরিচালক (অনুসন্ধান), মিশাল আল কোরেশি (পরিচালক জনসংযোগ), জেদ্দা শ্রম অফিসের প্রথম সচিব মো: আরিফুজ্জামান, অনুবাদক ও আইন সহকারী মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
সভা সম্পর্কে বিস্তারিত জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এর শ্রম কাউন্সেলর মো: আমিনুল ইসলাম।