প্রবাস মেলা ডেস্ক: বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা আঁচল। করোনাকালীন একের পর এক নতুন সিনেমার খবরেও ছিলেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে ক’দিন আগে ফরিদুল হাসানের নির্দেশনায় আঁচল শুটিং করছেন ‘কর্পোরেট’ নামে একটি সিনেমায়।
কর্পোরেট জগতের দুর্নীতি, কর্পোরেট অফিসারদের কালো জগতের বাস্তবতা- এসব নিয়েই তৈরি হচ্ছে এটি। নায়িকার ভাষ্য, ‘খুবই পরিচ্ছন্ন একটা সিনেমা হতে যাচ্ছে “কর্পোরেট”। কুমিল্লায় গিয়ে এর গানের শুটিং করে এলাম। বেশ বড় একটা টিম নিয়ে শুটিং হয়েছে। টিম, লোকেশন, সবকিছু মিলিয়ে অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে।’
তিনি আরও জানান, আগামী ১২ সেপ্টেম্বর তেজগাঁওয়ে শেষ দৃশ্যের শুটিং দিয়ে বন্ধ হচ্ছে সিনেমাটির ক্যামেরা। এতে তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এদিকে, সম্প্রতি আঁচল যুক্ত হয়েছেন ‘মাফিয়া’ নামের ওয়েব সিরিজে। তারকাবহুল ওয়েব সিরিজটি পরিচালনা করছেন শাহীন সুমন। এরই মধ্যে প্রথম দফায় শুটিং করেছেন এই অভিনেত্রী। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফের অংশ নিচ্ছেন এর শুটিংয়ে।
আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’ ও ‘রাগী’ সিনেমাগুলো। নির্মাণাধীন রয়েছে ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’। এছাড়াও তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ।