আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি থেকে ট্রেনের ছাদে চড়ে অবৈধভাবে ফ্রান্স যাওয়ার সময় বিদ্যুতে শট খেয়ে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। ২৯ আগস্ট ২০২১ ইতালির ইম্পেরিয়া ইন লিগুরিয়া প্রদেশের ভেন্টিমিগ্লিয়া পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলেও মৃত ব্যক্তির নাম জানা যায়নি।
তার বাড়ি সিলেটের হবিগঞ্জে বলে জানা গেছে। এর আগেও তিনি একাধিকবার ফ্রান্সে ঢোকার ব্যর্থ চেষ্টা চালান। প্রতিবারই ইতালির পুলিশ তাকে ফেরত পাঠান। জানা যায়, নিহত বাংলাদেশি ট্রেনের ছাদে করে ইতালির উদ্দেশ্যে ফ্রান্স সীমান্তে পৌঁছানোর সময় ট্রেনের ৩ হাজার ভোল্টের লাইনের কাছাকাছি চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ট্রেনটি ওই সময় টানেলের মধ্যদিয়ে যাচ্ছিল।
পরে ট্রেনটি টানেলের মধ্যেই থামানো হয়। পরবর্তীতে খবর পেয়ে দুর্ঘটনার পরপরই টেকনিশিয়ানসহ ইতালির রেলওয়ে পুলিশ ও সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে হরহামেশাই অবৈধ অভিবাসীদের ঢল লেগেই আছে। এইসব অভিবাসী ভাগ্য বদলানোর অভিপ্রায় অবৈধ পথে বিপদ জেনেও পাড়ি জমায়। কোনো বাধা, নিয়ম, আইন করে অবৈধপথে অভিবাসীদের বিভিন্ন দেশে আসা থামানো যাচ্ছে না।