প্রবাস মেলা ডেস্ক: তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন শোবিজ অঙ্গণের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। ২ সেপ্টেম্বর ২০২১ রাতেই পাত্র-পাত্রীর নিকটজনদের উপস্থিতিতে রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
সম্প্রতি জনপ্রিয় এ অভিনেতার বিয়ে নিয়ে ভালোই কানাঘুষো চলছিল। তবে এ বিষয়ে মুখ খুলেছেন অপূর্ব নিজেই। গণমাধ্যমের কাছে তিনি বললেন, “বিয়ে করছি ভাই। চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। তবে সেটা গতকাল বা আজ নয়। আমরা বিয়ে করছি কাল, ২ সেপ্টেম্বর।”তিনি জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।
অপূর্ব বলেন, “আমার প্ল্যান ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু কোভিডের কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কারণ, এরমধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিল। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।” গত ৩১ আগস্ট অপূর্বর বাসাতেই তার গায়ে হলুদ সম্পন্ন হয় বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। দশ বছর সংসারের পর ফাটল ধরে সেই সংসারেও।