অসীম বিকাশ বড়ুয়া, সিউল, দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহম্মদ দেলোয়ার হোসেন। ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি কৃষি প্রক্রিয়াকরণ এবং আইটি সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূত কে পরামর্শ দেন। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনর্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান।
এদিকে, নতুন অভিভাবকের অপেক্ষায় থাকা কোরিয়াগামী কর্মীরা এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ইপিএস কর্মীরা আশা প্রকাশ করছেন, ইপিএস কর্মীদের সমস্যা ও সংকট সমাধানে সহায়ক ভূমিকা রাখবেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত নতুন রাষ্ট্রদূত। ইপিএস কর্মীরা প্রত্যাশা করছে, নতুন রাষ্ট্রদূতের আগমণে, ভিসা নিষেধাজ্ঞা ও জামানত প্রথা বাতিলসহ ইপিএস সিস্টেমের যাবতীয় সমস্যার সমাধান হবে এবং নতুন করে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটেড কিছু ইপিএস কর্মী বলেন, আমরা আর আশার বাণী শুনতে চাই না। আমরা কমিউনিটি বান্ধব রাষ্ট্রদূত চাই এবং এবার সত্যিকারের সমাধান চাই ইপিএস কর্মীরা।