প্রবাস মেলা ডেস্ক: ভেনেজুয়েলায় বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়িসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় মেরিদা শহরে ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত ২০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে হারিকেন হেনরির আঘাতে সৃষ্ট বন্যায় নিখোঁজদের উদ্ধারে এখনো কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ভারতের উত্তর প্রদেশ ও অরুণাচল রাজ্যে ভারি বৃষ্টিতে বন্যার কবলে পড়ে ব্যাহত হচ্ছে জনজীবন।
ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভেনেজুয়েলায় স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দেশটির পার্বত্য অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পূর্বাঞ্চলীয় মেরিদা শহরে।
অঞ্চলটিতে কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৫ হাজার স্থানীয় বাসিন্দা। হতাহত হন বেশ কয়েকজন। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ভূমিধসে বাড়িঘর ধসে পড়েছে, বিদ্যুত ও নেই। খাদ্য সংকটের কারণে আমাদেরকে কষ্টে দিন কাটাতে হচ্ছে।
দুর্যোগ কবলিতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হারিকেন হেনরির আঘাতের পর টেনেসি অঙ্গরাজ্যে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে ধসে পড়েছে বাড়িঘর, ব্রিজসহ বহু স্থাপনা। তলিয়ে গেছে রাস্তাঘাট। চরমে পৌঁছেছে পানিবন্দিদের দুর্ভোগ।
হেলিকপ্টারের সহায়তায় বন্যা কবলিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেইসঙ্গে চলছে মৃতদেহ উদ্ধারের কাজও। অন্যদিক ভারতের উত্তরপ্রদেশেও গেল কিছুদিন ধরে চলা বন্যায় ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে রাজ্যের গোরখপুরে।
সেখানে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়াও দেশটির অরুণাচল প্রদেশের বিভিন্ন শহরেও অব্যহত ভারি বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজ্যজুড়ে জারি করার হয়েছে আগাম বন্যা সতর্কতা।
জার্মানি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।