প্রবাস মেলা ডেস্ক: টিকটক সেলিব্রেটি অপু। অপু ভাই নামে পরিচিত তিনি। চুলের বাহারি রঙ আর হাসির কারণে অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন এ মাধ্যমে। এবার টিকটকের গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অপু ভাই।
অবিশ্বাস্য হলেও সত্যি। আর এ সত্যিটাই করতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত নির্মাতা অনন্য মামুন। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ শিরোনামের একটি ওয়েব সিরিজে নেওয়া হয়েছে অপুকে। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন অনন্য মামুন।
লিখেছেন, ‘কে কিভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে।’
অনন্য মামুন জানান, ওয়েব সিরিজে ‘আলিয়ান’ চরিত্রে অভিনয় করবেন অপু। তার আগে টানা একমাস অভিনয়ের প্রশিক্ষণ নেবেন তিনি। এরপর দাঁড়াবেন ক্যামেরার সামনে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং। অপু ভাই ছাড়াও একঝাঁক নতুন মুখ দেখা যাবে এতে।
এর আগে আদনান আল রাজীবের পরিচালনায় ‘ইউটিউমার’ সিরিজে অভিনয় করেছিলেন অপু। তার পুরো নাম ইয়াছিন আরাফাত অপু। গেল বছর রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এ টিকটকার। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।
এর আগে টিকটক থেকে সিনেমায় নাম লেখিয়েছেন বরিশালের মেয়ে অনামিকা ঐশী। আবু তাওহিদ হিরণের পরিচালনায় ‘সংশয়ী’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন গায়ক শেখ সাদী। ‘সংশয়ী’ সিনেমায় ‘দিবা’ চরিত্রে অভিনয় করবেন অনামিকা ঐশী। আর সাদিকে দেখা যাবে ‘অনি’ চরিত্রে।
এদিকে, অনন্য মামুন সম্প্রতি শেষ করেছেন ‘অমানুষ’ সিনেমার শুটিং। বনদস্যুদের নিয়ে গল্পে নির্মিত এ সিনেমার কাজ শেষ হয়েছে ১৮ আগস্ট ২০২১, বুধবার। বর্ডার এলাকায় শেষ দিনের চিত্রায়ণে অংশ নিয়েছেন নিরব ও নওশাবা। এ সিনেমায় বনদস্যু চরিত্রে অভিনয় করেছেন নিরব। তার সঙ্গে পর্দায় দেখা যাবে মিথিলাকে।