প্রবাস মেলা ডেস্ক: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনায় তিনি। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার আছেন এ নায়িকা। রাজধানীর বনানী থানায় মাদক মামলায় দায়ের করা হয়েছে তার নামে।
ছয় দিনের রিমান্ড শেষে আবারও একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে পরীমনিকে। মামলার বিষয়ে আরও জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিনেমার কাহিনীর চেয়েও টুইস্টে ভরপুর পরীমনির জীবন। শামসুন্নাহার স্মৃতি থেকে তার ‘পরীমনি’ হয়ে ওঠা গল্প অনেকেই জানেন। আলোচিত এ নায়িকার জীবনী পর্দায় তুলে ধরতে চান প্রযোজক খোরশেদ আলম খসরু। সিনেমা নির্মাণ করতে চান পরীমনির জীবন কাহিনী নিয়ে।
দেশীয় একটি সংবাদমাধ্যমকে খসরু বলেন, ‘পরীমনি রাজি থাকলে তার জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করতে চাই। এমনকি নায়িকা হিসেবে সেই সিনেমায় আমি চাই পরীমনি অভিনয় করুক। জামিনে মুক্ত হয়ে আসার পর পরীমনিকে প্রস্তাব দেব।’
১৯৯২ সালের ২৪ অক্টোবর জন্মগ্রহণ করেন এ নায়িকা। পুরো নাম শামসুন্নাহার স্মৃতি হলেও সবাই তাকে চেনে পরীমনি নামেই। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফের কারণে বেশ আলোচিত পরীমনি।
খুব ছোটবেলায় বাবা-মা হারানো পরীমনি বড় হয়েছেন নানাবাড়িতে। উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকায় আসেন। এরপর লেখাপড়া চালিয়ে না গেলেও বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন পরীমনি।
পরীমনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, এরপর নাটক দিয়ে অভিনয় শুরু করেন। তবে চলচ্চিত্রে অভিনয়ের আগেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। চলচ্চিত্র নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই ২৫টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরীমনি।
২০১৫ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি তার। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পরীমনি বাগদান করেন। পরবর্তীতে তাদের এনগেজমেন্ট ভেঙে যায়।
২০২০ সালের ৯ মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন, সেটাও টেকেনি। ওই বছরেই বিচ্ছেদ হয় তাদের। তবে এর আগেও গুঞ্জন উঠেছিল অভিনয়ে আসার আগেও নাকি বিয়ে করেছিলেন পরীমনি। ২০১২ সালে সৌরভ নামের একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সে সময়ের কিছু ছবিও ভাইরাল হয়েছিল। তবে পরীমনি সব অস্বীকার করেন।
তবে সবকিছু ছাপিয়ে আবারো আলোচনায় আসেন ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে। এরপর প্রধান আসামি করে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনের নামে মামলা করেন তিনি। পরে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সবশেষ ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় র্যাব অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে। বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করেছে র্যাব। এ মামলায় ৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।