প্রবাস মেলা ডেস্ক: আফগানিস্তানের ২০ হাজার নাগরিককে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। তবে এদের মধ্যে নারী, শিশু ও ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হবে জানানো হয়েছে। ১৮ আগস্ট ২০২১, বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রথম বছর পাঁচ হাজার আফগান যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। নতুন এই প্রকল্পের আওতায় নারী, শিশু ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।
এর আগে মার্কিন সরকারের অনুরোধে দুই হাজার আফগান শরণার্থীকে গ্রহণ করতে যাচ্ছে উগান্ডা। সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে।
আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার পর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশটির দোভাষীরা। রবিবার সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল দখলের পর থেকে ভিটেমাটি ছাড়তে লাখ লাখ আফগান ভিড় করছে বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রসহ ৬০টির বেশি দেশ তাদের জায়গা দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। এর মাঝে ২০ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার কথা জানাল যুক্তরাজ্য। মঙ্গলবার বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতি দেয় বলে জানা গেছে। খবর আল-জাজিরার।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরগুলোতে প্রায় ২০ হাজার আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।