প্রবাস মেলা ডেস্ক: নিউজিল্যান্ডে প্রায় ১৭০ দিন পর এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। এই একজনের করোনা আক্রান্তের খবরে দেশব্যাপী লকডাউন জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ তিনি এই লকডাউন ঘোষণা করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তিনি গত ১৭০ দিনের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা আরডার্ন জানান, ওই লোকটি করোনার কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত তা এখনো নিশ্চিত জানা যায়নি। সিদ্ধান্ত অনুযায়ী, অকল্যান্ডে সাতদিন লকডাউন জারি থাকবে। আর সারাদেশে লকডাউন তিনদিন থাকবে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে প্রায় তিন হাজার। মৃত্যু হয়েছে ২৬ জনের। সুস্থ হয়েছে প্রায় সবাই। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমলেও আক্রান্ত বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৬১১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২০ হাজার ৪০৫ জন।
গতকাল ১৬ আগস্ট ২০২১, সোমবার মারা যান আরও ৮ হাজার ৯৫ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৬ জন। ১৫ আগস্ট ২০২১, রবিবার মারা যান ৮ হাজার ৬৫০ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৪৬ হাজার ২২ জন। আর ১৪ আগস্ট ২০২১, শনিবার মারা যান ১০ হাজার ১৫৫ জন এবং আক্রান্ত হন ৭ লাখ ২১ হাজার ৩৯৬ জন। ফলে পরপর চারদিন বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিন্মমুখী।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৩ লাখ ৮৩ হাজার ৪৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৪২৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ৭৮৯ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২২ লাখ ৪৯ হাজার ৯০০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ১২২ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ৩৭ লাখ ৮ হাজার ৬০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৫৮১ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ২১ হাজার ৬০১ জন। মারা গেছেন এক লাখ ৭১ হাজার ৩০৫ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৪ লাখ ৭৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১২ হাজার ৭৫৩ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও স্পেন দশম স্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।