রমেন চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত:
একুশ মানেই আট ফাল্গুন একুশ বাংলা ভাষা,
একুশ হলো রক্ত মোদের একুশ ভালোবাসা।
একুশ মানেই সালাম রফিক বরকতেরই প্রাণ
একুশ মানেই মাতৃভাষা মন করে আনচান।
একুশ মানেই ভাব বিনিময় একুশ মায়ের কোল
একুশ মানেই আলোর জোয়ার তরঙ্গ হিন্দোল।
একুশ মানেই অনুভূতি একুশ শব্দমালা
একুশ মানেই এপার ওপার মনের দরজা খোলা।
একুশ মানেই শামসুর আর মুজিব রহমান
একুশ মানেই ক্ষেপাবাউল, রবি ঠাকুরের গান।
একুশ মানেই ভাটিয়ালি, ছোনাচ, লোককথা
একুশ মানেই লালন ফকির, একুশ কাব্যগাঁথা।
একুশ মানেই জীবনানন্দ, একুশ নজরুল
একুশ হল বাংলাআমার, নেই যে কোনো ভুল।
ইতিহাসের প্রতিক প্রকুশ, একুশ সংহতির
একুশ সেতো বজ্রকঠিন পাঁচটি তাজা বীর।
একুশ হল জাগরণের, নয় তা একুশ কালো!
একুশ হল দীপ্ত শ্লোগান, আঁধার চিরে আলো।