আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। ১৯শে জানুয়ারি ২০২০, মঙ্গলবার বিকাল ৩টায় রোম বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের কনফারেন্স হল রুমে জালালাবাদ এসোসিয়েশন ইতালির কার্যনির্বাহী কমিটির সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান ও দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মো: শামীম আহসানের সাথে এসময় দূতাবাসের কাউন্সিলর হেড অব দ্য সেন্সরী সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান, কাউন্সিলর এরফানুল হক, প্রথম সচিব শেখ ছালেহ আহমেদ, সচিব রাজিব ত্রিপুরা উপস্থিত ছিলেন। জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এমডি আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি মো: আফজাল আহমেদ, ১নং সদস্য আরমান উদ্দিন স্বপন, নির্বাচন কমিশনার মো: মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, মইনুল ইসলাম ও প্রচার সম্পাদক মিনহাজ হোসেন। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এই সাক্ষাৎ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে সবাইকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক শাব্বির আহমদ। উক্ত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো: শামীম আহসান প্রথমেই জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দকে দূতাবাসে স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত আরও বলেন, আমরা এখানে আছি বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে। বাংলাদেশি ইতালি প্রবাসীদের সেবা প্রদান করতে ও সকল বাংলাদেশিদের সমস্যা সমাধানে বাংলাদেশের দূত হিসেবে কাজ করা একজন রাষ্ট্রদূতদের দায়িত্ব কর্তব্য বলে মনে করি। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।

আপনাদের যদি কোন অভিযোগ বা সু-পরামর্শ থাকে তাহলে আপনারা বলতে পারেন। আমরা দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সকল সমস্যা সমাধানের । ইতিমধ্যে আমরা দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি যা পর্যায়ক্রমে বাস্তবায়িত করবো। যাতে দূতাবাসে সেবা প্রার্থীরা সহজে তাদের সেবা নিতে পারে। তাছাড়া রাষ্ট্রদূত আরও বলেন ইতালিতে প্রায় ২লক্ষাধিকেরও বেশি বাংলাদেশির বসবাস এটাও আপনাদের বিবেচনায় রাখতে হবে।
আমাদের অফিসিয়াল নিয়ম-কানুনগুলো চালুর সাথে সাথে আপনাদের কেউ তা শৃঙ্খলাভাবে মেনে নেয়ার চেষ্টা করতে হবে। আমাদের দূতাবাসের পক্ষ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে সহজে সেবা প্রদান করতে।
এদিকে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিলে রাষ্ট্রদূত ও প্রথম সচিব বলেন, আমরা বিবেচনা করবো আপনাদের পরামর্শগুলি বাস্তবায়িত করতে। এসময় এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত খুব সুন্দর মার্জিত ডিপ্লোমেটিক ভাষায় বুঝিয়ে দেন।
পরে জালালাবাদ এসোসিয়েশন ইতালির পক্ষ থেকে রাষ্ট্রদূত মো: শামীম আহসানকে জালালাবাদ এসোসিয়েশনের উত্তরীয়, কলম, স্মারক, কার্যনির্বাহী কমিটির অনুমোদনকৃত কপি, ইতালি সরকার কতৃক, রেজিস্ট্রিকৃত গঠনতন্ত্রসহ অন্যান্য কাগজ পত্র তুলে দেয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত মো: শামীম আহসান ইতালি বাংলাদেশ ঢাকা সহ বহির্বিশ্বে জালালাবাদ এসোসিয়েশন এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পরিশেষে দূতাবাসের পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দকে চা চক্রের মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করেন। এবং সংক্ষিপ্ত পরিচিত সভাটির সমাপ্তি করা হয়।