রফিক আহমেদ খান, চট্টগ্রাম থেকে: ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘাডশির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর ২০২০ বিকেলে সীতাকুণ্ডের সৈয়দপুরে ঘাডশি সাহিত্য পরিষদের সাধারাণ সম্পাদক ও দৈনিক দেশবার্তার সম্পাদক লায়ন আবু সালেহ্’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- কথন সম্পাদক গীতিকার ফারুক হাসান।
সভাপতিত্ব করেন ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি বেলাল হোসেন উদয়ন। এতে প্রধান অতিথির বক্তব্যে ফারুক হাসান বললেন, ‘১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদ হাটিহাটি পা পা করে আজ ২১ বছর পেরিয়ে ২২ বছরে পা রাখতে যাচ্ছে। এ বিজয়ের মাসে ঘাডশির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’ ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি ডাক্তার বেলাল হোসেন উদয়ন সভাপতির বক্তব্যে বলেন, ‘সাহিত্য আড্ডা সাহিত্যিকদের প্রাণের আড্ডা। সাহিত্য আড্ডা আমাদের মনন নির্মাণের নান্দনিক বীজতলা। কেবলমাত্র সৃজন-শস্যই সাহিত্য আড্ডার মূল উৎপাদন নয়। সাহিত্য আড্ডার অনন্য ফসল হলো আমাদের পরিশুদ্ধ মানস-চেতনার কনকদ্যুতির স্ফূরণ। সাহিত্য আড্ডা একদিকে যেমন তৈরি করে মানবতার মমতাময়ী নির্যাস, তেমনি তৈরি করে পরমত বিরোধিতায় সাহিত্যিক সৌকর্য। সাহিত্য আড্ডা যেমন তৈরি করে দেশপ্রেম, তেমননি সৃজন করে বিশ্বজনীন ঔদার্য।’
শাহিদা বেগম উদয়নের সার্বিক ব্যবস্থাপনায় শিল্পী আশিক বন্ধু, পলাশ, ঘাডশির যুগ্ম সাধারাণ সম্পাদক ও প্রিয় বার্তাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, ঘাডশির সাংগঠনিক সম্পাদক ও শিশু সাহিত্যিক রথিদ্রজিৎ হিরো বড়ুয়া, গল্পকার খোবাইব হামদান, কবি ও সাহিত্যিক অভিলাষ মাহমুদ, শাওন রানা, আসিফুল ইসলামের স্বরচিত কবিতা ও গানের আড্ডায় উদযাপিত হয় ঘাডশির প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য আড্ডা ।