প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি ও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে করোনায় আক্রান্ত অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকেরা করোনা ইউনিট থেকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করেন।
ওইদিন চিকিৎসকেরা জানান, কাদেরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন, নড়াচড়া করছেন না। মাঝে মাঝে হালকা নিঃশ্বাস নিচ্ছেন।
এর আগে, উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আবদুল কাদেরকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না। পরে অভিনেতাকে ঢাকায় আনা হয়। ঢাকার আনার পরদিন ২১ ডিসেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়।