পূরবী বসু, কলোরডো, যুক্তরাষ্ট্র:
আজ বহু দিন পরে দেখা
তোমার মুখ ভর্তি দাড়ি
সহাস্য বদন, উজ্জ্বল দু’টি চোখ
লাফাতে লাফাতে কাছে এলে
অপলক চোখে তাকালে।
‘কেমন আছো তুমি?’
আমি হাসি, দুই পাটি দাঁত খুলে হাসি
‘ভালোই তো! আর তুমি?’
‘বল কেন? তিন কন্যার বাপ,
অফিসে কাজের চাপ
মাথা তোলাই ভার।’
‘আকাশের রঙ দেখেছ আজ?’
‘পাগল? সময় কোথায়?
সার্টের রঙ–ও দেখি না আর।।’
‘আমি কিন্তু তাকাই রোজ,
দেখতে হয় আকাশ কেমন;
ছাতাটা পুরান; আর বেশিদিন নাই
তাই রোজ নীলাকাশ চাই।
আচ্ছা, তুমি কি এখনো বৃষ্টি ভালবাসো?
‘দেখি না কতদিন! তবে শব্দ শুনি
মনিটরে চোখ রেখে, ঝম ঝম ঝম।
ভাবি, তুমি নাচিতেছ রাই হয়ে।
হয়ত কোথাও অতি ধারে কাছে।’