হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নাইজেরিয়ার আবুজায় বাংলাদেশ হাইকমিশন ৬ অক্টোবর ২০২০ যথাযোগ্য মর্যাদায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২০ পালন করেছে। এ উপলক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মিশন কর্তৃক একটি জুম ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নাইজেরিয়ায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মো: শামীম আহসান দিবসটির প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে হাইকমিশনার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বিদেশে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন।

মিশনের প্রথম সচিব জনাব বিদোষ চন্দ্র বর্মন মিশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানে কৌতূহলী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অংশগ্রহণকারী প্রবাসীরা সরকারের উদ্যোগের প্রশংসা করেন। উল্লেখ্য, কোভিড-১৯ বিস্তারের কারণে মাত্র একজন বাংলাদেশি মাতাকে তার সন্তানসহ সশরীরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।