কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বিশ্বে ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাসের কারণে সৌদিআরবের পবিত্র মক্কা নগরী ছাড়া সৌদিআরবের সব অঞ্চল জারি করা কারফিউ শিথিল করা হয়েছে। আজ রবিবার ২৬ এপ্রিল, ২০২০ থেকে আগামী ১৩ মে, ২০২০ পর্যন্ত পবিত্র মক্কা এবং ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন করা এলাকাসমূহ ছাড়া সমস্ত সৌদি আরবে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ই মে পর্যন্ত সৌদি আরবের সমস্ত এলাকায় উল্লেখিত সময়ে আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সেক্টর বিশেষ করে শপিংমল, পাইকারি ও খুচরা বিক্রেতা তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ফ্যাক্টরিসমূহ তাদের কার্যক্রমও উল্লেখিত সময়ের মধ্যে চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি এসপিএ। কারফিউ শিথিলকালীন সময়ে লকডাউন এর বিধি নিষেধগুলো চলমান থাকবে। তবে যে সমস্ত সেক্টরে সামাজিক দূরত্ব বজায় রাখা যায় না যেমন বিউটি পার্লার, সেলুন, ফিটনেস সেন্টার, বিনোদনকেন্দ্র, পার্ক, সিনেমা হল, কফি শপ, রেস্টুরেন্ট আগের মতোই বন্ধ থাকবে। যে সমস্ত সেক্টর ব্যবসায়িক কার্যক্রম চালু রাখবেন ঐ সমস্ত সেক্টরে ৫ জনের বেশি একত্র হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। এসময় কোন সভা-সমিতি সামাজিক প্রোগ্রাম অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে। কারফিউ শিথিলের সময়ের মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি না মেনে চললে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়াসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের সমন্বয় টিম প্রত্যেকটি শহরে পদক্ষেপ গ্রহণ করবে। রেস্টুরেন্টসমূহ আগের মতো বিকাল তিনটা হতে রাত তিনটা পর্যন্ত তাদের কার্যক্রম শুধুমাত্র পার্সেল ডেলিভারি দেয়ার জন্য খোলা রাখতে পারবে। এই সময়ে মসজিদে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে না বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৯। এখন পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ২১৫ জন।
মক্কা ছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলে কারফিউ শিথিল