কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের তায়েফ মোবারক হোসেন (২৮) নামে এক বাংলাদেশিকে সৌদি দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত মোবারক হোসেন (২৮) নরসিংদী জেলা সদরের ব্রাহ্মণপাড়ার বাসিন্দা। তার পিতার নাম আবদুল খালেক। খোজ নিয়ে জানা যায়, ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে তায়েফ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে আল-খোরমা নামক রাতে মোবারক একাই পানির গাড়ি নিয়ে নিদিষ্ট স্থানের পানি কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিলেন। তবে কুয়োতে যাবার পথটি ছিল জনমানবশূন্য ও মরুভূমির পথ।সেখানে গেলে পথিমধ্যে দুই জন সৌদি নাগরিক তার গাড়ি অবরোধ করে। তার সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টা করে। তখন ছিনতাইকারীর সঙ্গে মোবারকের ধস্তাধস্তি হয় ও তারা তাকে মারধর করে। মোবারক হোসেন তাদের বাধা দিলে এক পর্যায়ে তাকে মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মোবারক ঘটনাস্থলেই নিহত হন।
পরের দিন শুক্রবার সকালে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ তখন তার কপিলকে কল কর নিহতের খবর জানান। এদিকে রবিবার আল খোরমা থেকে মোবারক হোসেনের নিহতের খবরটি নিশ্চিত করেছেন নিহতের মামা জাকির হোসেন ভূট্রু।
নিহত মোবারক হোসেন সেখানে পানির গাড়ি চালাতেন। জীবিকার তাগিদে গত দুই বছর আগে মোবারক হোসেন সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। নিহত মোবারক হোসেনের মরদেহ বর্তমানে আল খোরমা সেন্টার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।