মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ রবিবার পবিত্র মক্কা নগরীতে অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. আব্দুল্লাহ বিন উমর বাফেলের সাথে সাক্ষাত করেছেন। এসময় বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করায় রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের রেক্টরকে বিশেষ ধন্যবাদ জানান।
এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলাদেশি ২১৮ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। রাষ্ট্রদূত রেক্টরকে বাংলাদেশি ছাত্রদের জন্য আরো বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশি ইমামদের এ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ প্রদানের অনুরোধ জানালে রেক্টর সম্মতি প্রদান করেন।

গোলাম মসীহ বাংলাদেশের সাথে সৌদিআরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন। আগামীদিনে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেক্টর ড. আব্দুল ওয়াহহাব বিন আব্দুল্লাহ আর রসিনী ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রস) মো: ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।