প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক কর্তৃক মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ডেনমার্ক স্থানীয় এশিয়া হাউসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুর রহমান এর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী ও সম্মানিত ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আব্দুল মুহিতের সভাপতিত্বে সকল ভাষা শহীদের প্রতি সস্মান জানানো হয়।

বর্ণিল আয়োজনে বাংলাদেশ, ডেনমার্ক, নেপাল, ভারত, চীন, তুর্কিমিনিস্তান এবং সুইডেনের খ্যাতিনামা শিল্পীরা সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন। বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত , কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার সদস্য, গনমাধ্যম কর্মী এবং ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এ প্রাঞ্জল আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন ।

ডেনমার্কে অবস্থিত ইউনেস্কো কমিশনের সেক্রেটারি জেনারেল এন্যি এনেমার্ক বিশেষ অতিথি হিসেবে দেয়া বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার পেছনে বাঙ্গালীদের ভূমিকা উল্লেখযোগ্য এবং ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান শান্তিপূর্ণ এবং প্রগতিশীল সমাজের জন্য ভাষার গুরুত্বকে বৃদ্ধি করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি দিবসটি উদযাপনে ইউনেস্কোর এবারের মূল প্রতিপাদ্য “ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে ভাষার বিস্তার”-এর উপরও আলোকপাত করেন। ডেনমার্কের কারিগরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়া ব্রেকহফ তাঁর মূল প্রবন্ধে বিশ্বজুড়ে আশংকাজনক হারে বিলুপ্তির সম্মুখীন ভাষাসমূহ সংরক্ষণে কার্যকর হাতিয়ার হিসেবে তথ্য প্রযুক্তি এবং যান্ত্রিক-ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।