ক ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখনো সৌদি আরবে সংক্রমণের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দেশটির স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া এটা নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে সৌদি আরবের ইংরেজি দৈনিক ‘সৌদি গেজেট’ জানায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে সৌদি নাগরিকদের চীন ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ভাইরাসটির প্রাদুর্ভাবের শুরু থেকে চীন থেকে আসা সকল ফ্লাইটে আগত যাত্রীদের নজরদারি এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে্।
মন্ত্রী টুইট বার্তায় জানান, চীন থেকে আগত সকল যাত্রীদের যতক্ষণ না ডাক্তাররা প্রমাণ করতে পারবেন যে তারা ভাইরাসে আক্রান্ত হয়নি ততক্ষণ তদারকি করা হচ্ছে।
উল্লেখ্য, ভাইরাসটিতে
আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১১ হাজার আক্রান্ত হয়ে ২০০ এর অধিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ভাইরাসটির ব্যাপকতা এতটাই বিস্তার লাভ করেছে যে ভয়াবহতার দিক থেকে ১৭ বছর আগে চীনে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসকেও ছাড়িয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, কানাডা সহ আরও বেশ কয়েকটি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।