অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: আধুনিক ওমানের স্রষ্টা, আরব বিশ্বের দীর্ঘতম ও জনপ্রিয় শাসক, মুসলিম বিশ্বের অন্যতম নেতা, সুলতানাত অব ওমানের সদ্য প্রয়াত মহামান্য সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ-এর প্রতি গভীর সমবেদনায় তাঁর কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম সমিতি ওমানের সর্বস্তরের সদস্যরা।
শুক্রবার বাদ জুমা রাজধানী মাস্কাটের গালাতে পারিবারিক কবরস্থানে গিয়ে তারা মহামান্য সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ-এর কবর জিয়ারত করেন। এ উপলক্ষে কোরআন তেলোয়াত, অজিফা পাঠ, তাসবিহ-তাহলিলসহ আরব বিশ্বের শান্তির দূত এবং প্রবাসী বাংলাদেশিদের প্রিয় অভিভাবক সুলতান কাবুস বিন সাঈদ-এর রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন। মাওলানা মোহাম্মদ আলী তাহেরী মোনাজাত পরিচালনা করেন।

এছাড়া মরহুম সুলতান কাবুস বিন সাঈদ-এর যোগ্য উত্তরসুরি ওমানের নতুন সুলতান হাইথেম বিন তারেক আল সাইদ রাষ্ট্র পরিচালনায় সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। সে সাথে শান্তির দেশ ওমানের সমৃদ্ধ কামনা করা হয়।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপির নেতৃত্বে সমিতির সম্মানিত উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী ও জবলুল আনোয়ার বাদাল, সিনিয়র সহ-সভাপতি এম এম আমিন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নুরু, জনাব শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌধুরী, মোহাম্মদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম সহ কার্যকরী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।