হাকিকুল ইসলাম খোকন , নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ খ্রিঃ লাভ করেছেন ঢাকা সেনানিবাস থানার শিক্ষা কর্মকর্তা (টি ই ও) ফেরদৌস আরা বেগম ।
এর পূর্বে তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় কর্মকালীন সময়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১১ জেলায় শ্রেষ্ঠ ইউইও হিসাবে মনোনীত হন ।
ফেরদৌস আরা বেগম ১১ জানুয়ারি ২০০৫ সালে বরিশাল সদর থানায় উপজেলা শিক্ষা অফিসার হিসাবে প্রথম যোগদান করেন । এরপর ২০০৬-০৭ সাল পর্যন্ত কর্মরত বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় দায়িত্ব পালন করেন । তৃতীয় স্টেশন হিসাবে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় ২০০৭-২০১২ এর জানুয়ারি (প্রায় ৫ বছর) কর্মরত ছিলেন। চতুর্থ স্টেশন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ২০০২ এর ফেব্রুয়ারি – ২০১৮ এর নভেম্বর (প্রায় ৭ বছর) পর্যন্ত কাজ করেন । পঞ্চম স্টেশন হিসাবে ঢাকা জেলার সেনানিবাস থানায় ২০১৮ এর নভেম্বর থেকে বর্তমানে চলমান ।
ফেরদৌস আরা বেগম ১৯৭২ ইং সনে ভোলা মহকুমা সদরে ( প্রাক্তন বাড়ী দৌলত খান থানার মেদুয়া ইউনিয়নের নইমুদ্দিন হাজী বাড়ী ) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব মো: শাহ্জাহান ( অব: ইঞ্জিনিয়ার পি ডব্লিউ ডি) ও মাতা মরহুমা সাহানারা বেগম । তাহার মাতা ১৯৭০ সনে ভোলা সরকারি পৌর অবৈতনিক (প্রা:) বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে যোগদান করে সুনামের সহিত চাকরি করেন এবং চাকরিতে থাকাকালীন (ভোলা খেয়াঘাট সরকারি স্কুল থেকে) ১৯৯৯ সনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । তাহার নানা মরহুম শাহ্ আলী মিয়া পাকিস্তান আমলে বরিশাল ডি ডি পি আই অফিসের হেডক্লার্ক ছিলেন এবং ১৯৬৪ ইং থেকে ভোলা কলেজে লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন ।
ফেরদৌস আরা বেগমের বড় দাদা রুস্তম আলী মাস্টার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন জেলায় চাকরি করে ঢাকা আজিমপুর গার্লস স্কুল থেকে অবসরে যান । তিনি ছিলেন ভোলা জেলার ১৭ তম বিএবিটি পাশ ।

তাহার ছোট দাদা জনাব ডা: রেজাউল করিম ভোলা সদর হাসপাতাল ও বৃহত্তর নোয়াখালীর আলেকজান্ডারে পাকিস্তান আমল থেকে স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত দীর্ঘ দিন কর্মরত ছিলেন ।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা বিবাহিতা ও ২ পুত্র সন্তানের জননী । (৮ম ও ৪র্থ শ্রেণীতে অধ্যয়নরত) । তার স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী । ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সর্ব জ্যেষ্ঠ । তার ছোট ভাই নিউইয়র্কের বাপসনিউজের সংবাদদাতা ও শিক্ষক মিজানুর রহমান মিজান।
২০১৪ সনে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। বর্তমানে তিনি ডাক্তারের চিকিৎসাধীন থেকে চাকরি ও সংসার জীবন অতিবাহিত করছেন ।
তিনি ভোলা সরকারি পৌর অবৈতনিক ( প্রা:) বালিকা বিদ্যালয় থেকে প্রাইমারী স্কুল শুরু করেন । অতঃপর পিতার বদলীকৃত কর্মস্থল মানিকগঞ্জের এস, কে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করে সেই স্কুল থেকে ১৯৮৮ সনে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন । ( প্রাপ্ত মার্কস ৭১২) । ১৯৯০ সনে সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে বিজ্ঞান বিভাগে ১ম বিভাগে উত্তীর্ণ হন । (প্রাপ্ত মার্কস ৬১২) । ১৯৯৫ সনে বরিশাল বি.এম কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স ২য় শ্রেণীতে (প্রাপ্ত মার্কস যথাক্রমে ৫০০ ও ২৪৮) নিয়ে উত্তীর্ণ হন ।
২০১৩ সনে ফাতেমা খানম টিচার্স ট্রেনিং কলেজ নারায়ণগঞ্জ থেকে বি.এড প্রথম শ্রেণিতে ৩য় স্থান লাভ করেন । (প্রাপ্ত মার্কস ৭৭৪) ।
ফেরদৌস আরা বেগম উপজেলা শিক্ষা অফিসার হিসাবে যোগদানের পূর্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসাবে ২০০৩ এর জুলাই থেকে ২০০৫ এর জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন । সরকারি চাকরিতে যোগদানের পূর্বে ২০০০ সনে ঢাকা যাত্রাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১ বছর সহকারী শিক্ষিকা পদে কর্মরত ছিলেন । ২০০১ সনে ব্র্যাক এ প্রোগ্রাম অরগানাইজার পদে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ৬ মাস কর্মরত ছিলেন।
ফেরদৌস আরা বেগম ফাউন্ডেশন ফর ফিল্ড লেভেল অফিসার’স অব প্রাইমারী এডুকেশন কোর্স ন্যাশনাল একাডেমী ফর প্রাইমারী এডুকেশন (ন্যাপ) থেকে সফলভাবে সম্পন্ন করেন ।