প্রবাস মেলা ডেস্ক: সৌদিআরবে বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠানো হুসনা নিরাপদে আছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মী হুসনাকে উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর সৌদি বাংলাদেশ কনসুলেট তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছে। নাজরান পুলিশকে ঘটনাটি অবহিত করা পর বর্তমানে তিনি সৌদি আরবের নাজরান এলাকায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। সোমরার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হুসনা পুলিশের নজরদারিতে সেইফহোমে আছেন, কনসুলেট প্রতিনিধি হুসনার সঙ্গে কথা বলেছেন। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়।
জানা যায়, হুসনার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে। আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে যান ৭ নভেম্বর। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাঁকে গৃহকর্মীর চাকরি দিয়ে সেখানে পাঠায়।সৌদিতে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী শফি উল্লাহর কাছে হুসনা একটি ভিডিও বার্তা পাঠান। শফি উল্লাহ স্ত্রীকে বাঁচানোর জন্য ভিডিওটি এক প্রতিবেশীর সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দেন।