ক.ম.জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: মদিনা শরীফ প্রবাসীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ঢাকা-মদিনা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৮ অক্টোবর প্রথমবারের মত বেলা ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মদিনাগামী বিমানের প্রথম ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ফ্লাইটটি উদ্বোধন করেন।

প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে আগত সম্মানিত যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মান্যবর রাষ্ট্রদূত এবং মান্যবর কনসাল জেনারেলের নেতৃত্বে জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ বিমানের টীম মদিনা শরীফে প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
এ সময় আগত যাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সৌদি প্রবাসীদের কাছে দেয়া আরো একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।
মদিনা শরীফের যাত্রীদের এক আশার প্রতিফলন ঘটল। সাথে সাথে ওমরা যাত্রীদের জন্যও বাড়তি সুবিধা হল।