শহীদ রাজু
বাংলার কোন এক কবি তার কল্পিত নারী সোমার কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘পাশের বাড়ির সোমার মাঝে, চাঁদ তারার খুব মিল দেখোনি, চাঁদের সফেদ দিল দেখোনি তাঁরার, তবু তাদের কিরণ আছে সারার’। সোমা কবির কল্পিত নাম হলেও আমাদের আছে চাঁদ তাঁরার সমান দ্যুতি ছড়ানো অভিনয়শিল্পী শিউলী শিলা। বাংলা নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতে করতে তিনি হয়ে উঠেছেন আমাদের পাশের বাড়ীর মেয়ে। অমৃত হাসি আর চাঁদের মতো সাদা দিল নিয়ে তিনি এখন ইলেকট্রনিক্স মিডিয়ায় তারকা শিল্পী। সম্প্রতি এক বিকেলে বাংলা নাটক ও চলচ্চিত্র জগতের এই গুণী শিল্পী পাক্ষিক প্রবাস মেলা কার্যালয়ে এসেছিলেন। আলাপচারিতায় মিডিয়ায় তার কাজের আদ্যোপান্ত সহ ভবিষ্যত কর্মপরিকল্পনার কথা জানালেন প্রবাস মেলা’র পাঠকদের জন্য। সেসবের চুম্বক অংশ তুলে ধরা হল।
বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ের ছোট ও বড় পর্দার অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী শিউলী শিলা। সিনেমা, নাটক, বিজ্ঞাপনী মডেল এবং মিউজিক ভিডিওতে বেশ সফলতার সাথেই এগিয়ে চলছেন। ভবিষ্যতেও দর্শক শ্রোতাদের আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে চলচ্চিত্রের সব শাখায় ভালো গল্পে কাজ করতে চান বলে জানালেন।

দর্শকপ্রিয় ‘বয়রা পরিবার’ এবং ‘পোস্টার’ নাটকে নজর কাড়া অভিনয়ের মধ্য দিয়েই আলোচনায় আসেন শিউলী শিলা। এরপর একে একে প্রায় শতাধিক নাটক, ১০টির মত সিনেমা, বেশকিছু বিজ্ঞাপন এবং জনপ্রিয় কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
চলচ্চিত্র জগতে শিউলী শিলার পথচলা প্রায় একযুগেরও বেশি। এই সময়ে নিজের নামের সঙ্গে তারকা তকমাটি বেশ ভালোভাবেই জড়িয়ে নিয়েছেন তিনি। ছোটবেলায় তারকা হওয়ার স্বপ্ন না থাকলেও বড় হয়ে সেই স্বপ্নের পথে হেঁটে হেঁটে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছেন, যেন তাতেই তৃপ্ত শিলা।
এ সম্পর্কে শিলা বলেন, আসলে হুট করেই আমার মিডিয়াতে আসা, ছোটবেলায় কোন চিন্তাই ছিলনা যে আমি মিডিয়া জগতে আসবো। একটি স্থির চিত্রের বিজ্ঞাপনের মডেল হিসেবেই মিডিয়াতে আমার যাত্রা শুরু হয়। এরপর তো দর্শকদের ভালোবাসায় আমি অসংখ্য নাটক, সিনেমাতে কাজ করেছি, এখনও করে যাচ্ছি।

শিলা বলেন, হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় আরটিভির মেগা সিরিয়াল ‘বয়রা পরিবার’ দিয়েই দর্শকরা আমাকে চিনতে শুরু করে। এরপর আশরাফুল আলম রিপনের পোস্টার, ফজলুল হকের ‘সকাল’, সৈয়দ শাকিলের ‘হাওয়াই মিঠাই’, সুস্ময় সুমনের ‘কামিনী’, হাসান জাহাঙ্গীরের ‘নন্দিনী’, সুমনের ‘আদরের জামাই’ ‘ইডিয়েট’ সহ অসংখ্য নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি।
ইতিমধ্যে কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন শিউলী শিলা। তিনি বলেন, শ্রদ্ধেও খালেদা আক্তার কল্পনার মাধ্যমে আমার সিনেমাতে আসা। চট্টগ্রামে একটি অনুষ্ঠানে আমার পারফরমেন্স দেখে খালেদা আক্তার কল্পনা আন্টি বললেন, শিলা আমার একটি সিনেমাতে তোমার মত শিল্পীই অনেক দিন ধরে মনে মনে খুঁজছিলাম। এরপর কল্পনা আন্টির কথা মত ইলিয়াস কোবরার পরিচালনায় ‘ভাইয়া নাম্বার ওয়ান’ চলচ্চিত্রে আমি প্রথম অভিনয় করি।

এরপর প্রয়াত বেলাল আহমেদের নির্দেশনায় আজাদ আবুল কালামের বিপরীতে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘অনিশ্চিত যাত্রা’ মনোয়ার খোকনের ‘পাওয়ার’ বদিউল আলম খোকনের ‘নি:শ্বাসে আমার তুমি’ ‘ভালোবেসে মরতে পারি’ শাহিন সুমনের ‘কে আপন কে পর’ এম মানিকের ‘প্রেম কয়েদি’ সহ বেশ কিছু সিনেমায় দর্শকপ্রিয়তা অর্জন করেছেন শিলা।
শিউলী শিলা বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনের মডেলে কাজ করেছেন। তার মধ্যে ‘ডেটল’, ‘কাকন সুজ’, ‘আমিন হারবাল ফেসওয়াশ’ উল্লেখ্যযোগ্য।
শিলা বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনজাম মাসুদের ‘পরিবর্তন’ এ নিয়মিত অভিনয় করেছেন। এছাড়াও তিনি বিটিভির অনেক সাপ্তাহিক ও ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছেন বলে জানান।
নুরুল ইসলাম নুরুর মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ‘মালকা ভানু সহ কয়েকটি দর্শকপ্রিয় টেলিফিল্মে কাজ করেছেন শিলা।

মিউজিক ভিডিওতেও শিলা বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মধ্যে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুনের ‘আমার স্বপ্নগুলো কেনো’, শোয়েব চৌধুরীর গান ‘ধরা দিলা কথা দিলা, আপন করলা না’ সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিও গানে মডেল হয়ে শিলা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন।
বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় কাটছে জবাবে শিউলী শিলা বলেন, হাসান জাহাঙ্গীরের সিরিয়াল নাটক ‘চাপাবাজ’ সহ কয়েকটি সিরিয়াল এবং স্বল্পদৈর্ঘ্য নাটকে অভিনয় নিয়ে বর্তমান সময় যাচ্ছে।
মিডিয়া নিয়ে আপনার ভাবনা কি এমন প্রশ্নের জবাবে দর্শকপ্রিয় এই অভিনেত্রী জানান, আমি শখ থেকে মিডিয়া প্রফেশনে এসেছি, এখন এটা অনেক এনজয় করছি।
শিলা বলেন, আমি এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রত্যয়ী। আগের চেয়ে অভিনয়ের প্রতি অনেক বেশি সিরিয়াস। অভিনয়ে নিয়মিত কাজ করতে চাই, হোক তা একক কিংবা ধারাবাহিক নাটক। আমি অভিনয় ভুবনের মাঝেই ভবিষ্যতেও নিজেকে ডুবিয়ে রাখতে চাই।
বিয়ে নিয়ে কি ভাবছেন এর জবাবে শিলা বলেন, এটা এখনও নির্দিষ্ট করে বলতে পারছি না। যখনই নিজের মনের মানুষকে খুঁজে পাব তখনই হয়তো এই নিয়ে চিন্তা করবো। তবে সবকিছু পারিবারিকভাবেই হবে বলে জানান এই অভিনেত্রী

প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিউলী শিলা জানান, আমি ব্যক্তিগত এবং মিডিয়ার কাজে বেশ কয়েকটি দেশে সফর করেছি। এর মধ্যে মালয়েশিয়ায় এবং কাতারে প্রবাসীদের উদ্যোগে কয়েকটি ‘শো’ তেও অংশ নিয়েছি। সেখানে আমি দেখেছি প্রবাসীদের দেশের প্রতি কত ভালোবাসা, কত দেশপ্রেম। তারা বিদেশে হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে আমাদের দেশে রেমিটেন্স পাঠায়। যার মাধ্যমেই মূলত আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি, দেশ উন্নত হচ্ছে। আর তাদের কথাগুলোই পাক্ষিক প্রবাস মেলা অনেকদিন ধরে তুলে ধরছে। নিশ্চয়ই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করি এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা প্রবাসীদের নানা সমস্যাগুলো সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধানের উদ্যোগ নিবে।