নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আমেরিকার বোস্টনে বাংলাদেশী বৌদ্ধদের নিজস্ব ভূমিতে স্থাপিত আন্তর্জাতিক ধর্মচক্র বৌদ্ধ বিহার ও মেডিটেশান সেন্টারের উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের আত্মশুদ্ধি তথা ভিক্ষু সংঘের বর্ষাব্রত অধিষ্টান উপলক্ষে পবিত্র বর্ষাসাটিক চীবরদান ও সংঘদান ২২ সেপ্টেম্বর ২০১৯ খৃষ্টাব্দ রবিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য মর্যাদায় সুসম্পর্ন করা হয়েছে।
এইদিন বোস্টনে বসবাসরত বাংলাদেশি সব বয়সের বৌদ্ধরা রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে সকাল ১০ ঘটিকার সময় মন্দিরে সমবেত হয়ে সর্বপ্রথমে ত্রিপিটক হতে পাঠ, বুদ্ধ ও সীবলী পূজা এবং শীলগ্রহনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
প্রথম পর্বের সংঘদান অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও বুদ্ধের ললাটে দানবীর বাবু তপন চৌধুরী কর্তৃক দান কৃত স্বর্ন তিলক স্থাপন করে বুদ্ধকে পূজা করেন অত্র সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক প্রফেসর ফ্রা মহা নিরোধ (এম.ফিল.)। শীল প্রার্থনা করেন যথাক্রমে বিশিষ্ট সমাজ সেবক ও ধর্মপ্রাণ উপাসক বাবু রাতুল বড়ুয়া ও শিক্ষানুরাগী ও ধর্মানুশীল ব্যক্তিত্ব বাবু তপন কুমার সিংহ। শীলাদি প্রদান তথা ত্রিপিটক হতে বানী পাঠের মধ্য দিয়ে শামাথা মেডিটেশনের কর্মস্থান ও ধর্মদেশনা প্রদান করেন আমেরিকার বস্টনস্থ ওয়াট ফ্রা ধাম্মাকায়া মেডিটেশন সেন্টার, বস্টন শাখার অধ্যক্ষ ধর্মদূত ড. ফ্রা আচান মনিকান্ত মহাথের, থাইল্যান্ড। বিশ্বের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় মহামঙ্গল সূত্র পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র সেন্টারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক শাসনজ্যোতি উপাধিতে ভুষিত উপাসকরত্ন দানবীর বাবু তপন চৌধুরী।
তপন চৌধুরী, বলেন এই বৌদ্ধ বিহার পরবর্তী প্রজন্মের কাছে নীতি ও নৈতিক আদর্শের ধারক ও বাহক হয়ে বিরাট ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন বুদ্ধের সমকালীন সময়ে অনেক রাজা মহারাজা বৌদ্ধ বিহার দান করে আজো ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। আমি অত্র বৌদ্ধ বিহার দান করেছি সেটা বড় কথা নয়, বোস্টন প্রবাসী বাংলাদেশী বৌদ্ধরা বিহারটিকে কিভাবে সুন্দর ও সুচারুরুপে রক্ষনাবেক্ষন ও পরিচালনা করবেন সেটাই বড় কথা।
তিনি বলেন আমি এই বৌদ্ধ বিহারের কর্তা ও মালিক নই, আমি এই বৌদ্ধ বিহারের আজীবন সেবক হয়েই থাকতে চাই।
শেষে সবাইকে অত্র বৌদ্ধ বিহারের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন কল্পে নিজ নিজ জায়গা হতে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।