বন্দর সেরি বেগাওয়ান, ব্রুনাই: ব্রুনাইতে বাংলাদেশি নুরায়েজা বারাসি নুরুল ইসলাম (ঈশি) ক্রাউন প্রিন্স সৃজনশীল ও উদ্ভাবনী পুরস্কার ২০১৯ তৃতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ব্রুনাইতে কোনো বাংলাদেশি হিসাবে ঈশি প্রথম ক্রাউন প্রিন্স সৃজনশীল ও উদ্ভাবনী পুরস্কার পেলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স ডা. হাজী আল-মুহতাদি বিল্লাহ ইবনে সুলতান হাজী হাসানাল বলকিয়া মু’ইযুদ্দিন ওয়াদাউলা। অনুষ্ঠানে ব্রুনাইয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ক্রাউন প্রিন্স সৃজনশীল ও উদ্ভাবনী প্রতিযোগিতায় ব্রুনাই এর বিভিন্ন স্কুল থেকে এ বছর ২৭ জন ব্রুনাই ও ১৪ জন আসিয়ান শিক্ষার্থীসহ মোট ৪১ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশের মেয়ে ঈশি সেরি মুলিয়া সারজানা স্কুল থেকে অংশগ্রহণ করেন।
নতুন কিছু তৈরি এবং অপ্রয়োজনীয় পণ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য ঈশি এবং জেলেনা জোয়েস আম্পংগান পেরেজ যৌথ ভাবে দ্বিতীয় স্থান অর্জন করে। তাদের উদ্ভাবিত এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই এলুমিনিয়াম বা টিনের ক্যানকে প্রক্রিয়াকরণ করা যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রাউন প্রিন্স ডা. হাজী আল-মুহতাদি বিল্লাহ ইবনে সুলতান হাজী হাসানাল বলকিয়া মু’ইযুদ্দিন ওয়াদাউলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঈশির পিতা শাহজালাল মাসুদ তার মেয়ের সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর কাছে সুন্দর আগামীর জন্য দোয়া চেয়েছেন।