প্রবাস মেলা ডেস্ক: ‘আমরা আছি সারা বিশ্বজুড়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কর্তৃক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের পুরান বাজার সালমা ওয়াটার ভবনের দোতলায় প্রবাসী ভিআইপি ক্লাব এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। সভায় প্রবাসী ভিআইপি ক্লাব এর সমন্বয়কারী এবং মিলান বাঙলা প্রেসক্লাব ইতালির সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মাদারীপুর চেম্বার অফ কমার্সের সভাপতি ও সার্বিক পরিবহণের ব্যাবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান খান যাচ্চু, মাদারীপুর উদিচি শিল্পগোষ্ঠীর সভাপতি ডা. রেজাউল আমিন, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যরা বক্তব্যে বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা, ব্যাংকলোন সুবিধা,প্রবাসীদের পেনশন প্রদান, তাদের সন্তনাদের সরকারি স্কুলে ভর্তি নিশ্চিতকরণ সহ নানা ধরনের দাবী তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী ভিআইপি ক্লাব এর স্থায়ী কার্যালয় প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া ব্যাংকিংয়ে প্রবাসীদের জন্য দ্রুত সেবা প্রদানের আশ্বাস দেন এবং প্রবাসীদের সকল প্রকার প্রশাসনিক সহায়তায় আরো বেগবান করারও আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে প্রবাসী ভিআইপি ক্লাব কর্তৃক অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। এবং মাদারীপুর সদর হাসপাতালের সাধারণ রোগীদের জন্যও হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি বৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী ভিআইপি ক্লাব গ্রীসের সমন্বয়কারী আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান, সমন্বয়কারী সুইজারল্যান্ড, সৈয়দ বাপ্পী যুগ্ম সম্পাদক স্পেন, সৈকত আহম্মেদ, সমন্বয়কারী, কাতানিয়া, ইতালি, রনি খান সমন্বয়কারী, লন্ডন, যুক্তরাজ্য।