হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিজ কমিউনিটি সহ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন ও মিলনমেলা। ২৫ আগস্ট রোববার নিউইয়র্কের বীয়ার মাউন্টেন স্টেট পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইট্স, ব্রঙ্কস এবং জ্যামাইকা থেকে ৩টি বাস ছাড়াও নিজস্ব কার যোগে বিপুল সংখ্যক নেত্রকোনা জেলাবাসী বনভোজনে যোগ দেন। অন্যান্য জেলার বাসিন্দারাও অংশ নেন এ আয়োজনে।
এর আগে সকালে বনভোজনে যাত্রার প্রাক্কালে বাসে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নেত্রকোনা জেলার নারী-পুরুষ ও শিশু-কিশোররা। বনভোজনে বাড়তি আনন্দ এনে দেয় প্রবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি নেত্রকোনা প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। সকলের অংশ গ্রহণে আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার্কটি রূপ নেয় প্রবাসে একখন্ড নেত্রকোনায়।

সংগঠনের সভাপতি মোস্তফা জামান ইদ্রিসী, সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু, উপদেষ্টা মেজর (অব.) হালিম খান, মো. খায়রুল ইসলাম, আসমা আক্তার, ইয়াসমিন ইদ্রিছী সহ কমিটির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপদেষ্টা শাহ মাহবুব হক বুলু উৎসবমুখর পরিবেশে বনভোজন উদ্বোধন ঘোষণা করেন।
সভাপতি মোস্তফা জামান ইদ্রিসীর সভাপতিত্বে এবং উপদেষ্টা ইয়াসমীন ইদ্রিছী ও কার্যকরী সদস্য খন্দকার জাহাঙ্গীর হায়দার শামীমের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু, পিকনিক উযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মাদ বজলুর রহমান, সদস্য সচিব শাহজাহান শফিক, প্রধান সমন্বয়কারী ফকরুল ইসলাম, সমন্বয়কারী আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মো: লোকমান হোসেন চৌধুরী সহ কমিটির কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ করা হয়। পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা।
ক্রীড়া অনুষ্ঠানের পর নিউইয়র্কের অন্যতম সেরা রেস্টুরেন্ট খলিল বিরিয়ানী হাউজের সুস্বাদু খাবার দিয়ে সকলকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়। এর মধ্যেই শুরু হয়ে যায় সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে বনভোজনে অংশ নেয়া বিপুল সংখ্যক প্রবাসীদের মাতিয়ে রাখেন।
খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের কার্যক্রম শেষ হয়। র্যাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট সহ বেশ ক’টি আকর্ষণীয় পুরস্কার। নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিট বিজয়ী হন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শওকত জাহান খান পিনু।