প্রবাস মেলা ডেস্ক: চলতি মাসের ২৪ জুলাই প্রবাসীদের একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সেখানে শিক্ষার্থী হিসেবে অভিনয়ের ক্লাস করবেন বলেও জানা গেছে।
শুভ বলেন, বাংলা ভাষাভাষীদের নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ‘বঙ্গ সম্মেলন’। লস এঞ্জেলসের এ অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা আমন্ত্রিত হয়ে থাকেন। কোনো টিকেট অনুষ্ঠান এটি না। গতবারও আমি অংশ নিয়েছিলাম। এবারও অংশ নেওয়ার পরিকল্পনা করেছি। আর এ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় একটি অভিনয় স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নিব।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকে ভিন্ন ধাঁচের জনপ্রিয় কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এবার নতুন লুকে দর্শকরা তাকে দুটি ছবিতে দেখতে পাবেন। একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ এবং অন্যটি ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার পরিচালিত ‘মিশন এক্সট্রিম’। এরইমধ্যে এ দুটি ছবির কাজ শেষ করেছেন বলে জানা গেছে। দুটি ছবিতেই ভিন্ন লুকে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।