প্রবাস মেলা ডেস্ক: আজ দেশের ৭ তারকাশিল্পীর জন্মদিন। তারা হলেন অভিনেত্রী ও নির্মাতা শান্তা ইসলাম, গায়িকা-অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া, অভিনেত্রী সোহানা সাবা, অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম এবং সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান।
তবে জন্মদিন নিয়ে কারোরই বিশেষ কোনো আয়োজন নেই বলে জানা গেছে। এ প্রসঙ্গে অভিনেত্রী শান্তা ইসলাম জানান, ‘আমার কোনো বিশেষ আয়োজন নেই। সবার কাছে দোয়া চাই আমি ও আমার সন্তান সৌমিকের জন্য। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’
মেহের আফরোজ শাওন জানান, ‘আমার কাছে জীবনের প্রতিটি দিনই আসলে গুরুত্বপূর্ণ। জন্মদিন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না। তবে হ্যাঁ, আমার জন্মদিন ঘিরে আমার সন্তানদের মধ্যে যে উচ্ছ্বাস কাজ করে তা আমাকে ভীষণ আনন্দ দেয়। আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এমনকি ভক্তরাও জন্মদিনে আসেন, আমার কাছে এটাই অনেক বেশি ভালোলাগে। সন্ধ্যার পর মা-সহ ভাই বোনদের সঙ্গে সময় কাটাব এটাও সাধারণ নিয়মের মতোই। তবে জন্মদিন বলে একটু বেশি ভালোলাগা থাকবে। আর আফসোস হয়, কারণ ছোটবেলায় অনেক স্বপ্ন দেখেছি এটা করব ওটা করব। কিন্তু বড় হয়ে মনে হচ্ছে যে, আসলে তেমন কিছুই এখনো করা হয়নি যা যা স্বপ্ন দেখেছিলাম। সবাই দোয়া করবেন।’
সোহানা সাবা জানান, গতকাল (মঙ্গলবার) রাতেই বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার জন্মদিনের কেক কাটা হয়েছে। আজ ভোরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দিয়েছেন। দেশে ফিরবেন দুদিন পর। ফিরেই একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। জন্মদিন প্রসঙ্গে সাবা জানান, ‘জন্মদিনে আমি এবং আমার পরিবারের বিশেষত আমার সন্তানের জন্য দোয়া চাই। সৃষ্টিকর্তা যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’
সাবরিনা সুলতানা কেয়া জানান, ‘বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সদস্যদের সঙ্গেই দিনটি কাটবে। সবার কাছে দোয়া চাই।’
মৌসুমী হামিদ জানান, ‘আসলে ছোটবেলা থেকেই পরিবার থেকে আমার জন্মদিন নিয়ে তেমন উচ্ছ্বাস ছিল না। ঢাকায় এসেও তেমন কোনো আয়োজন করা হয়নি দিনটিতে। তবে আমি বিশ্বাস করি প্রতিটি মিনিটই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি মুহূর্তই উপভোগ করা উচিত।’
সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান জানান, এবারের জন্মদিন তার সংগীত জীবনের অন্যতম এক জন্মদিন হতে যাচ্ছে। কারণ তার জন্মদিনে এবারই প্রথম তার নতুন মৌলিক কোনো গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘আমি চাই তোমাকে’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন, সংগীতায়োজনে সাউন্ডহ্যাকার। ইউসুফ বলেন, ‘এ গানই আমার জন্মদিনের বিশেষ উপহার। দিনটি ভালোই কাটবে বলে আশা করছি।’
নাদিয়া আফরিন মিম জানিয়েছেন জন্মদিন নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। তিনি গ্লোবাল টিভিতে প্রতিদিনের ধারাবাহিক ইমরাউল রাফাত পরিচালিত ‘মঞ্জিল’-এ নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে এটি নিয়েই ব্যস্ত আছেন।