প্রবাস মেলা ডেস্ক: ২১ অক্টোবর ২০২২, শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এইদিন বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ৭ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে (৪র্থ তলায়) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য পথিকৃৎ শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাননীয় মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রদর্শনী সচিব কে এম জাহাঙ্গীর আলম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রদর্শনী চেয়ারম্যান ও বিপিএস এর মহাসচিব এম ইউসুফ তুষার, বিপিএস’র সভাপতি আশফাক আহমেদ, ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ২০২২ এর বিচারক ডা. রশিদ উন নবী শুভ্র, বিপিএস’র স্থায়ী পরিষদ সদস্য শংকর শাওজাল প্রমুখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবছর ৫ম বিপিএস আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২২-এ বিশ্বের ৪৭টি দেশ থেকে ৩৫১ জন অংশগ্রহণকারী পোর্ট্রেট, পরিবেশ, জীবনধারা, ভ্রমণ, জীববৈচিত্র্য, ল্যান্ডস্কেপ, কোভিডের কারণে ঘরবন্দী জীবনসহ ৪টি বিভাগে মোট ৪০৮৭টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বিজ্ঞ বিচারক মন্ডলী ১০৩টি ছবি পুরস্কারের জন্য মনোনীত করেন। পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিলো ফিআপ বেস্ট অথর- বাদল চন্দ্র সরকার, বাংলাদেশ, বিপিএস ট্রফি ফটোগ্রাফার অফ দা ইয়ার বাংলাদেশ পার্ট- লাক্সমান মিন্টু, বিপিএস ট্রফি ফটোগ্রাফার অফ দা ইয়ার ইন্টারন্যাশনাল পার্ট- নেগোসি মীন ত্রাণ, ভিয়েতনাম ও প্রতিটি বিভাগের জন্য গোন্ড, সিলভার, ব্রোঞ্জ মেডেল সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। ট্র্যাভেল ক্যাটাগরিতে এসএসএস ব্রোঞ্জ এবং ওপেন কালার ক্যাটাগরিতে এসএসএস এইচএম পুরস্কার পান বিপিএস’র প্রচার সম্পাদক জুবাইদা নাজনীন চৌধুরী। এছাড়া আলোকচিত্রে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) বিশিষ্ট আলোকচিত্র শিল্পী জনাব খান মোহাম্মদ আমিরকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। প্রদর্শনী ২১ অক্টোবর রোজ শুক্রবার থেকে ২৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১১টা থেকে হতে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিলো।