প্রেস বিজ্ঞপ্তি: সংস্কৃতি সংগ্রাম আদর্শে, কণ্ঠশীলন চল্লিশ-এ। কণ্ঠশীলনের ৪০ বছর উদযাপনের অংশ হিসেবে বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনে এবারের পর্ব অধ্যাপক নরেন বিশ্বাসের জন্মদিন উপলক্ষ্যে সেমিনার ‘বাচিকশিল্পে বাক্শিল্পাচার্য নরেন বিশ্বাসের ভূমিকা’।
আগামী ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আলোচক হিসেবে থাকবেন শব্দসৈনিক আশরাফুল আলম, আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক, নির্দেশক মীর বরকত এবং আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক, নির্দেশক গোলাম সারোয়ার।
উক্ত সেমিনার অনুষ্ঠানে সবাইকে উপস্থিতি অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন কণ্ঠশীলন এর সাধারণ সম্পাদক সোহেল রানা।
উল্লেখ্য, সংস্কৃতি সংগ্রাম আদর্শে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান ‘কণ্ঠশীলন’ চল্লিশ বছরে পদার্পণ করেছে। রবীন্দ্রসাধক, শিক্ষাগুরু ওয়াহিদুল হকের দেওয়া নাম গ্রহণ করে ১৩৯১ সালের ২রা বৈশাখ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘বাক্সময় উচ্চার-চর্চা কেন্দ্র’ নামে কণ্ঠশীলনের আত্মপ্রকাশ ঘটে। সময়ের পরিক্রমায় ‘প্রমিত উচ্চারণ, বানান ও আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান’ এবং ‘সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান’ নামে পরিচিতি পায় ‘কণ্ঠশীলন’।