কোপেনহেগেন, ডেনমার্ক: ডেনমার্ক সহ পার্শ্ববর্তী দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগীত পিপাসুদের আনন্দ দিতে আগামী ২৯ জুন ডেনমার্ক এর রাজধানী কোনপেনহেগেনে অনুষ্ঠিত হবে নগর বাউল খ্যাত জেমস এর কনসার্ট। প্রবাসের মাটিতে বাংলা গান ও সংস্কৃতির ছোঁয়া দিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেনমার্ক এর উদ্যোগে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ জুন বাংলাদেশের রক সঙ্গীতশিল্পী জেমস ডেনমার্ক এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ২৯ জুন শনিবার স্থানীয় সময় বিকাল ৫ টায় দেশটির রাজধানীর মিউজিক থিয়েটার আলবার্টসল্যান্ড (Musik Teatret Albertslund) হলে লাইভ কনসাটর্টি অনুষ্ঠিত হবে, যেখানে ১ হাজার অতিথির ধারণ ক্ষমতা রয়েছে।
কনসার্টে নগর বাউল ও তার দল গান পরিবেশন করবেন। নৃত্য পরিবেশন করবেন লন্ডন থেকে আগত রাদিয়া গুলজান। প্রত্যয় চৌধুরীর নৃত্যপরিকল্পনায় সুইডেনের মালমো শহরের জনপ্রিয় নৃত্যদল “ডান্স বি” নৃত্য পরিবেশন করবে।এছাড়া ডেনমার্ক গট টেলেন্ট এর সেমিফাইনালিস্ট নবনিতা নন্দী ঘোষ গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন এশিয়া টেলিভিশনের ফারিয়া হোসেন চৈতি।

বাংলাদেশ এসোসিয়েশন অব ডেনমার্ক এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি চ্যারিটি কনসার্ট। এর মাধ্যমে অর্জিত অর্থ বাংলাদেশের পথ শিশুদের স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার উদ্দেশ্যে ব্যয় করা হবে।
এই কনসার্টকে সফল করে তোলার জন্য ডেনমার্ক ও তার পার্শ্ববর্তী ইউরোপের অন্যান্য দেশে বসবাসরত বাংলা সংস্কৃতিপ্রিয় প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।
কনসার্টের টিকেট এর জন্য- Asian food, Pak food, Babul bhai’s shop এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া www.bangladesh-Association.dk হটলাইনে গিয়েও টিকেট সংগ্রহ করা যাবে।