প্রবাস মেলা ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “১৯৭১-এর রক্তঝরা অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪-এর গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে বাংলার প্রতিবাদী চেতনাকে পুনর্জাগরিত করার প্রতিচ্ছবি। এটি আমাদের সমাজে সত্যের প্রতি নিষ্ঠা এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান প্রকাশের প্রতীক।”
বুধবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, “যুগে যুগে আমরা এই বাংলার সত্য ও সৌন্দর্যের রূপকে ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু যখন এই রূপ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তখন স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াই। আবার খুঁজে ফিরি আমাদের গণতন্ত্র, সমতা ও ন্যায্যতা। এই অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম চলে, সেখানে আমরা সবাই সুশাসনের ফেরৎ আনার লড়াইয়ের সৈনিক।”
ফটোসাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “তারা সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ মুহূর্তকে ক্যামেরার ফ্রেমে বন্দি করেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের অমূল্য দলিল হয়ে থাকে। যুদ্ধ-বিগ্রহ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ, ফটোসাংবাদিকরা সবসময় সম্মুখভাগে থেকে সত্য তুলে ধরছেন।”
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।