প্রবাস মেলা ডেস্ক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। নির্ধারিত এই সময় সব ধরনের ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকবে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি রানওয়ের রক্ষণাবেক্ষণ করা। সেই অংশ হিসেবে উক্ত ক’দিন ফ্লাইট উঠা-নামা বন্ধ থাকবে। রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।
তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই ৩ ঘণ্টা ৩০ মিনিট রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতোমধ্যেই নোটামও জারি করা হয়েছে।
ক্যাপ্টেন মো. কামরুল আরও জানান, এই মেরামতকালীন বিমানবন্দরের সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সব এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিমানবন্দরের যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হকার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করতে পারেন যাত্রীরা।