প্রবাস মেলা ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত কামব্যাক সিনেমা ঘিরে ঢালিউডে ফের আলোচনায় আমদানি সিনেমা। এরই মধ্যে দশ শতাংশ লভ্যাংশের শর্তে হিন্দি সিনেমা আমদানির পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। যদিও বর্তমান কমিটির ডিপজল, রুবেল, অরুণাসহ অনেকেই এর ঘোর বিরোধী।
চলচ্চিত্র বিষয়ক ১৯টি সংগঠনও এখন আমদানির পক্ষে। তবে শুরু থেকেই এর বিপক্ষে চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এবার তিনি রাস্তায় নামলেন। হিন্দি সিনেমা আমদানি বন্ধের দাবিতে করলেন মানববন্ধন। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান।
২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার সন্ধ্যায় খিজির হায়াত নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অবস্থিত রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। তার পাশে রয়েছেন খিজির হায়াতসহ আরও কয়েকজন।
দেলয়ার জাহান ঝন্টুর হাতের ব্যানারে লেখা আছে, ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে। ভাষা আন্দোলনের বাংলাদেশে বঙ্গবন্ধুর নীতি, প্রচলিত আইন ও সংবিধানের অবমূল্যায়ন করে গুজব ছড়িয়ে হিন্দি চলচ্চিত্র আমদানির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন।’
ছবির ক্যাপশনে খিজির লিখেছেন, ‘সিনেমাটাইতো বানাতে চেয়েছিলাম এই দেশে। আমার বাকি পরিচালক ভাইয়েরা যখন পিকনিক নিয়ে ব্যস্ত আমরা তখন রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করি, নিজের দেশের সিনেমা বাঁচাতে মাত্র কয়েকজন দাঁড়িয়ে থাকি।’
শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ বলিউডে মুক্তির সময় থেকে দেশে হিন্দি সিনেমা আমদানি প্রসঙ্গে ফের আলোচনা শুরু হয়। তখন থেকেই এর বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন ঝন্টু। হিন্দি সিনেমা এলে প্রেক্ষাগৃহের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন বলেও জানিয়েছিলেন তখন।
এর আগে ২০১৫ সালের ২১ জানুয়ারি কাফনের কাপড় পরে চলচ্চিত্র ঐক্যজোটের ব্যানারে ঢাকাই সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা মানববন্ধনে রাস্তায় নেমেছিলেন। সেসময় উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে উত্তাল ছিল চলচ্চিত্রাঙ্গনসহ রাজপথ। ভিনদেশি সিনেমার পোস্টারও পুড়িয়েছিলেন তারা।