খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: হজ্জের মৌসুম শেষ না হতেই চলিত আরবির নতুন বছরে সৌদি হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় ২ লক্ষ ৮২ হাজার ১২৪টি ওমরাহ ভিসা অনুমোদন করেছে। এর মধ্যে ৯৬ হাজার ৩৮ জন ইতিমধ্যে সৌদিআরবে প্রবেশ করেছেন। আর ৮৭ হাজার ২৩২ জন ওমরাহ প্রার্থী বর্তমানে সৌদিআরবে অবস্থান করছেন।
ওমরাহ ভিসা সবচেয়ে বেশি অনুমোদন দেয়া হয়েছে পাকিস্তানী নাগরিকদের জন্য। তারপর আছে ভারতের অবস্থান। পাকিস্তান থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ২০২ জন ওমরাহ করতে এসেছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত থেকে এসেছে ২৫ হাজার ৫৮০ জন।
এরপরই আছে ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও জর্ডানের অবস্থান। বর্তমানে ৬৫ হাজার ৯৬৭ জন ওমরা পালনকারী মক্কায় এবং ২১ হাজার ২৬৫ জন মদিনায় অবস্থান করছেন।
সৌদিআরব ভিশন ২০৩০ এর আওতায় ওমরা পালনকারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করতে প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর ১ কোটি ৯০ লক্ষ ৭৯ হাজার ৩০৬ জন ওমরাহ পালন করেছেন। এ বছর এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।