রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই চট্টগ্রামে কর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার সকালে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয় নির্বাচন। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সিজিও বিল্ডিংয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটার ছিল ২হাজার ৭শ ৫০জন প্রায়। ৪১টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রায় ৩হাজার ভোটার, প্রার্থীদের সমর্থক, শুভাকাঙ্খী মিলে প্রায় ৮-১০হাজার মানুষের সমাগম হয় এ এলাকায়। ১শ জনের বেশি মানুষের একত্রিত না হওয়ার সরকারী নিষেধাজ্ঞা থাকলেও সেখানে এত মানুষের উপস্থিতিতে নির্বাচন করোনার নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল বলছেন সাধারণ মানুষ ।
এদিকে নির্বাচন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে ঠেলাঠেলি করেছে সরকারি সিজিও বিল্ডিং এলাকা। সামাজিক দূরত্বের বালাই ছিলনা বললেই চলে। এমনকি অনেকের মুখেও নেই মাস্ক।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন অনুষ্ঠানে সরকারি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। তাছাড়া সব ভোটাররা একসাথে আসেনি। এসেই যার যার ভোট দিয়ে চলে গিয়েছেন । তাই স্বাস্থ্যবিধির কমতি ছিল না বলে দাবি করেন তারা।
সরেজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। মোটেও মিল নেই কর্তৃপক্ষের বক্তব্যের সাথে। রীতিমতো জনসমাবেশের চেয়েও বেশি লোকজন দেখা গেছে। ভোটারদের স্বাগত জানানোর জন্য যে দীর্ঘ সারি সারি প্রার্থী দাড়িয়েছে তাদের ভীড় ঠেলেই একজন ভোটারকে ভিতরে প্রবেশ করতে হয়েছিল।যেখানে লজ্জা পেয়েছিল স্বাস্থ্যবিধি,আর সৃষ্টি হয়েছিল কোভিড -১৯ ঝুঁকির।