প্রবাস মেলা ডেস্ক: ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজাকে নিয়ে ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার ঢাকা ছাড়েন তিনি। পূর্ণিমা এখন স্বামী-কন্যাসহ মদিনায় অবস্থান করছেন। সেখান থেকে যাবেন মক্কায়। সেখানেই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে জানা গেছে।
ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এ ছাড়া পূর্ণিমার একটি সেলফিতে দেখা গেছে স্বামী ও কন্যাকে।
কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয় হয় পূর্ণিমার। তারপর প্রেমের সম্পর্কে জড়ান। গত ২৭ মে বিয়ে করলেও তা প্রকাশ্যে আসে ২১ জুলাই রাতে। প্রায় দুই মাস গোপন রাখার পর নিজেই বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন এ নায়িকা। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
এদিকে সৌদিতে যাওয়ার আগে সরকারি অনুদানের সিনেমা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’র শুটিং শেষ করেছেন পূর্ণিমা। এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, মৌমিতা, জয় চৌধুরীসহ আরও অনেকে।