কবির আল মাহমুদ, মাদ্রিদ, স্পেন থেকে: স্পেনে প্রথমবারের মতো করেনার ভারতীয় স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির বৃহত্তম মৎস্য বন্দর পোয়ের্তো দে ভিগোতে পরিবর্তিত এ ভাইরাসটি শনাক্ত হয়।
২ মে ২০২১, রবিবার যুক্তরাজ্য থেকে ওই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের শরীরের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুদের অধিকাংশই ভারতীয় ছিলো বলে জানা গেছে। এ জন্যে বন্দর কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে ক্রুদের পর্যবেক্ষণ করে। পরে তাদের শরীরে নমুনা পরীক্ষা করলে ভারতকে সংক্রমিত করা পরিবর্তিত স্ট্রেইন শনাক্ত হয়।
সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে, ৫টি নমুনা পরীক্ষার মধ্যে ৩টিতে পজিটিভ পেয়েছে বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।
পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনই পুরুষ, বয়স ৬৮ ও ২৯ বছর। সর্বশেষ তথ্য অনুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে। এছাড়া বাকী যারা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, তারা সুস্থ আছেন বলে জানা গেছে।
বর্তমানে কর্তৃপক্ষ জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে এবং আগামী ১০ মে পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোনো হোটেলে হোম কোয়ারেন্টাইন করার অনুমতি দেবেন বলেও জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।