প্রবাস মেলা ডেস্ক: স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিআইপি ডিলাক্স কেবিন-৬১২ এ চিকিৎসাধীন আছেন। ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ প্রথমে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হন।
এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের অন্তত ১৩ বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদ করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।